বাংলাদেশের রিভিউ নিয়ে ম্যাচ রেফারির কাছে অভিযোগ পাকিস্তানের
· Prothom Alo

মিরপুরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে হারের পর বাংলাদেশের একটি রিভিউ নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান। ৫০তম ওভারের পঞ্চম বলে বাংলাদেশকে এলবিডব্লু রিভিউ নেওয়ার অনুমতি দেওয়ায় অন-ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনার সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে দলটি।
Visit fish-roadgame.com for more information.
ইএসপিএনক্রিকইনফোর খবরে বলা হয়েছে, পাকিস্তান এই যুক্তিতে অভিযোগ দায়ের করেছে যে তাদের বিশ্বাস, স্টেডিয়ামের বড় পর্দায় ডেলিভারিটির রিপ্লে দেখানোর পর বাংলাদেশ রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া নির্ধারিত সময়সীমার মধ্যে রিভিউ নেওয়া হয়েছে কি না, এমন সন্দেহও দলটির।
রোববার মিরপুরে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের কাছে ১১ রানে হারে পাকিস্তান। রিশাদ হোসেনের বলে শাহিন আফ্রিদির এলবিডব্লু চেয়ে বাংলাদেশ যখন রিভিউ নেয়, তখন ২ বলে ১১ রান দরকার ছিল পাকিস্তানের। মূলত ২৯০ রান তাড়া করতে নামা পাকিস্তানের জয়ের জন্য শেষ ২ বলে দরকার ছিল ১২ রান।
রিশাদের লেগ স্টাম্পে রাখা ডেলিভারি আফ্রিদির লেগ সাইড দিয়ে বেরিয়ে যায়। আম্পায়ার ধর্মসেনা দুই হাত প্রসারিত করে সেটিকে ‘ওয়াইড’ ঘোষণা করেন। এরপর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ উইকেটকিপার লিটন দাস ও নাজমুল হোসেনের সঙ্গে কথা বলে এলবিডব্লু রিভিউ নেন।
এ বিষয়ে ম্যাচের পর সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘লিটন এবং শান্ত দুজনেই পরামর্শ দিয়েছিল যে যেহেতু আমাদের রিভিউ বাকি আছে, তাই আমাদের এটি নেওয়া উচিত। আমরা জানতাম আমাদের দুটি রিভিউ হাতে আছে এবং এটি আমাদের পরিকল্পনারই অংশ ছিল।’
সৌম্যকে তিন ম্যাচের একটিতেও না খেলানোর ব্যাখ্যা দিলেন অধিনায়ক মিরাজপ্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো রিভিউ নেওয়ার সিদ্ধান্ত খেলোয়াড়দের সামনে রিপ্লে দৃশ্যমান হওয়ার আগেই নিতে হয়, যাতে রিপ্লে দেখে রিভিউ নেওয়ার সিদ্ধান্ত প্রভাবিত না হয়। ক্রিকইনফোর প্রতিবেদন বলছে, পাকিস্তানের যুক্তি হচ্ছে, রিভিউর সাধারণ প্রটোকল অনুসরণ করা হয়নি। স্টেডিয়ামের বড় পর্দায় বলটি ব্যাট অতিক্রম করার দৃশ্য দেখানো হয়েছিল, যা সম্ভবত বাংলাদেশকে এটি ব্যাটে স্পর্শ করে থাকতে পারে—এমন তথ্য সরবরাহ করেছে।
এ ছাড়া বাংলাদেশকে সম্ভবত নির্ধারিত ১৫ সেকেন্ডের সময়সীমার বাইরে গিয়ে রিভিউ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, এমনটাও মনে করছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশের এলবিডব্লুর রিভিউ অবশ্য সফল হয়নি। তবে আলট্রা এজে বল ব্যাটের নিচ দিয়ে যাওয়ার সময় কম্পন ধরা পড়ায় ওয়াইড বাতিল হয়। বাংলাদেশের রিভিউ নষ্ট হলেও রিশাদের ডেলিভারিটি বৈধ হিসেবে ঘোষিত হয়। তাতে পাকিস্তানের জয়ের সমীকরণ ১ বলে ১২ রানে দাঁড়ায়। শেষ পর্যন্ত ১১ রানে ম্যাচ হেরে ২-১ ব্যবধানে সিরিজও হেরেছে তারা।
ক্রিকইনফো লিখেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যাচ রেফারির কাছ থেকে ঠিক কী ধরনের ব্যবস্থা আশা করছে, তা এখনো স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, তারা অন্ততপক্ষে এই ভুলের একটি প্রকাশ্য স্বীকৃতি চাইছে।
রুদ্ধশ্বাস উত্তেজনার পর সিরিজ বাংলাদেশের