মিরসরাইয়ে দুর্ঘটনার কবলে চার যানবাহন, দুটির মাঝখানে চাপা পড়ে কিশোরের মৃত্যু
· Prothom Alo
যানজটে ধীরগতিতে চলা একটি পিকআপ ভ্যানকে হঠাৎ পেছন থেকে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটিকেও পেছনে থাকা স্টিলের পাতবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এরপর ট্রাকটির পেছনে ধাক্কা দেয় আরেকটি কাভার্ড ভ্যান। এ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আশরাফুল মাহমুদ (১৭)। সে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপালপুর এলাকার পেয়ার আহমেদের ছেলে।
Visit biznow.biz for more information.
আহত তিনজন হলে মো. সোহাগ (২০), মো. রাশেদ (৩২) ও নুরুল আমিন (৩২)। তাঁদের মধ্যে নুরুল আমিন পথচারী। রাশেদ দুর্ঘটনাকবলিত একটি ট্রাকের চালক এবং সোহাগ তাঁর সহকারী।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় দুটি যানবাহনের মাঝখানে চাপা পড়েন নুরুল আমিন ও আশরাফুল। এ ছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাকে থাকা স্টিলের পাতে জখম হন রাশেদ ও সোহাগ। চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় আশরাফুল ও সোহাগকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে নেওয়ার পর আশরাফুলের মৃত্যু হয়েছে।
আশরাফুলের মামা মিজানুর রহমান প্রথম আলোকে জানান, আশরাফুল এবার স্থানীয় একটি মাদ্রাসা থেকে দাখিল পাস করেছে। তার বাবা সোনাপাহাড় বিশ্বরোড এলাকার চৈতন্যের হাটে একটি দোকান করেন। পড়াশোনার পাশাপাশি ওই দোকানে বাবাকে সহায়তা করত আশরাফুল। গতকাল রাতে দোকান থেকে বাড়িতে ফেরার জন্য রাস্তা পার হচ্ছিল সে। এ সময় দুটি যানবাহনের মাঝখানে সে চাপা পড়ে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুবায়ের হোসেন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় আশরাফুলের মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় আনা হয়েছিল।
জানতে চাইলে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়েছে পুলিশ। এরপর ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হয়। দুর্ঘটনার পর মহাসড়ক থেকে যানবাহনগুলো সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।