কাজের সন্ধানে নরসিংদীতে আসা দিনমজুর আলী মারা গেলেন ট্রেনের ধাক্কায়
· Prothom Alo

নরসিংদীতে রেললাইন পার হওয়ার সময় উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আলী নূর (৫৬) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাতটায় শহরের বাসাইল রেলক্রসিং থেকে তাঁর লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। রাতে আঙুলের ছাপ সংগ্রহ করে তাঁর পরিচয় শনাক্ত করে পিবিআই।
আলী নূর নেত্রকোনার মদন উপজেলার বাসিন্দা। কাজের সন্ধানে সম্প্রতি তিনি নরসিংদী আসেন।
Visit betsport.cv for more information.
রেলওয়ে পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটায় শহরের বাসাইল রেলক্রসিং এলাকায় অসতর্কভাবে রেললাইন পার হচ্ছিলেন আলী নূর। ওই সময় নোয়াখালীগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। এতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলীর লাশ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ফাঁড়িতে নেওয়া হয়।
পরিচয় শনাক্তের পর আলীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।