‘দাগি’র নিশান হয়ে বাজিমাত, নিশো পুরস্কার উৎসর্গ করলেন হুমায়ুন ফরীদিকে
· Prothom Alo

মফস্সল শহরের চেনা সব চরিত্র, জমাটি চিত্রনাট্য, দুর্দান্ত নির্মাণ, মনে রাখার মতো সংলাপ আর অবিশ্বাস্য অভিনয় মিলিয়ে গত বছর মুক্তি পাওয়া শিহাব শাহীনের ‘দাগি’ সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা বাংলা সিনেমা। সিনেমাটিতে জেলফেরত আসামি নিশান চরিত্র করে প্রশংসিত হয়েছিলেন আফরান নিশো। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত মেরিল-প্রথম আলো পুরস্কারে এ চরিত্র অভিনয়ের জন্য তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন তিনি।
পুরস্কার গ্রহণ করে প্রতিক্রিয়ায় নিশো বলেন, ‘আমি চেষ্টা করে যাচ্ছি। আমি গ্রুপ থিয়েটার থেকে বিলং করা কেউ না, কিন্তু আমার যতটুকু বোঝাপড়া আছে (অভিনয় নিয়ে), সেটা দিয়ে আমি চেষ্টা করে যাচ্ছি। এই যে দর্শকেরা আমাকে পছন্দ করেন, তাঁরা আমাকে আগলে রাখেন, এটা আমার খুব ভালো লাগে...লাভ ইউ। আমি সিনিয়রদের কাছ থেকে দেখে দেখে শিখেছি। যাঁরা মনোনয়ন পেয়েছিলেন, তাঁরা অত্যন্ত গুণী মানুষ, গুণীজন। তাদেরকে আমি শ্রদ্ধার চোখে দেখি। অনেক ধন্যবাদ মেরিল-প্রথম আলো, আমাকে এই স্বীকৃতিটা দেওয়ার জন্য।’
Visit tr-sport.bond for more information.
এরপর পুরস্কারটি প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদিকে উৎসর্গ করেন আফরান নিশো। অভিনেতা অনেকবারই বলেছেন, হুমায়ুন ফরীদি তাঁর অভিনয়ের বড় প্রেরণা। নিশো বলেন, ‘আমি সব সময় যাঁর কথা মনে করি, সব সময় আমি তাঁকে মনে রাখতে চাই...ফরীদি ভাই, দিস ইজ ফর ইউ।’
কার হাতে কোন পুরস্কার‘দাগি’ মুক্তির পর প্রথম আলোয় প্রকাশিত সিনেমাটির রিভিউয়ে নিশোর অভিনয় নিয়ে লেখা হয়েছিল, ‘সুড়ঙ্গ’র পর দ্বিতীয় সিনেমায়ও দুর্দান্ত অভিনয় করেছেন আফরান নিশো। ‘নিশান’ চরিত্রের জন্য ওজন বাড়িয়েছেন, ১৪ বছর জেল খেটে অনিশ্চয়তা আর স্বপ্ন নিয়ে বাড়িতে ফেরা যুবকের চরিত্রে তিনি অসাধারণ। শেষ দিকের অ্যাকশন আর শুরুর রোমান্টিক দৃশ্য—দুটোতেই নিজের জাত চিনিয়েছেন নিশো। মনের রাগকে বশ মানাতে বারবার যখন বলতে থাকেন, ‘আল্লার দুনিয়ায় সব সুন্দর, ফুল সুন্দর, পাখি সুন্দর...’, তখন চোখ ফেরানো যায় না। তেমনি জেরিনের সঙ্গে খুনসুটি, বড় এক দুঃসংবাদ পেয়ে রাগে ফুঁসতে থাকা তরুণের চরিত্রে অভিনয়ও ভালো লাগে। সিনেমার মেজাজের সঙ্গে জুড়ে আছে শায়েরি। নিশানের শায়েরি বলা নিশোর গম্ভীর কণ্ঠে দারুণভাবে মানিয়ে গেছে।
‘দাগি’ সিনেমায় আফরান নিশো। প্রযোজনা সংস্থার সৌজন্যে