গরমে যাঁদের বাইরে কাজ, তাঁরা কী পরবেন আর কী খাবেন

· Prothom Alo

গরমে অল্প সময় বাইরে থাকাটাও কষ্টকর। সুস্থ থাকতে গরমে খুব বেশি বাইরে যেতে এবং কায়িক শ্রম করতে বারণ করেন বিশেষজ্ঞরা। তবে এমনও তো অনেকে আছেন, যাঁদের পেশাগত কাজটাই ঘরের বাইরে। প্রচণ্ড গরমে তাঁরা কীভাবে সুস্থ থাকবেন? এ প্রসঙ্গে পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নওসাবাহ্ নূর এবং স্কয়ার হাসপাতাল লিমিটেডের মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট কনসালট্যান্ট ডা. তাসনোভা মাহিন–এর সঙ্গে কথা বলে জানাচ্ছেন রাফিয়া আলম

Visit esporist.com for more information.

কাজের জন্য লম্বা সময় যাঁদের ঘরের বাইরে কাটাতে হয়, সম্ভব হলে তাঁরা দিনের তুলনামূলক কম গরম সময়টা বেছে নিন। আর সময় বাছাই করার সুযোগ না থাকলে কাজের মাঝেই নিজের যত্ন নিতে হবে ঠিকঠাক। নইলে হুট করেই অসুস্থ হয়ে পড়তে পারেন।

পোশাক এবং অনুষঙ্গ

ঘাম হলে ভেজা নরম সুতি কাপড় দিয়ে মুছে ফেলুন
  • কাজের সময়টার জন্য হালকা রঙের নরম সুতি কাপড় বেছে নিন। নতুন কাপড়ের চেয়ে পুরোনো কাপড়ে আরাম পাবেন বেশি। ঢিলেঢালা পোশাক পরুন। খেয়াল রাখুন, পোশাকের ভেতর যেন বাতাস চলাচল করতে পারে।

  • রোদ থেকে চোখ, মাথা, শরীর ও হাত-পা বাঁচাতে হবে। তাই ফুলহাতা জামা বেছে নিন। যদিও মনে হতে পারে, গরমে হাফহাতা বা হাতাকাটা জামা বেশি আরামের। তবে বিষয়টা একেবারেই উল্টো।

  • একইভাবে হাফপ্যান্ট বা থ্রি কোয়ার্টার প্যান্টের চেয়ে ফুলপ্যান্ট বা পায়জামাই এই সময়ের জন্য বেশি উপযোগী। মাথা ঢেকে রাখতে ছাতা, ক্যাপ, হ্যাট, রুমাল, গামছা প্রভৃতি কাজে লাগাতে পারেন। রুমাল বা বাড়তি কিছু কাপড় সঙ্গে রাখলে আরও কাজে আসবে।

  • ঘাম হলে যত দ্রুত সম্ভব মুছে ফেলুন। শরীর ঠান্ডা রাখতে কখনো কখনো রুমাল বা কাপড় ভিজিয়েও নিতে হবে।

পানি আর পানীয়

  • সারা দিনে পর্যাপ্ত পানি খেতে হবে। বাড়ি থেকে পানির বোতল নিয়ে বের হবেন। বোতলে পানি ভরার আগে বরফ ঢুকিয়ে নিতে পারেন। তাহলে লম্বা সময় পানি ঠান্ডা থাকবে।

  • বোতলে আরও রাখতে পারেন নানা রকম স্বাস্থ্যকর পানীয়। সরাসরি রোদ পড়ে, এমন জায়গায় বোতল না রাখাই ভালো। প্লাস্টিকের বোতলের চেয়ে থার্মোফ্লাস্ক দামি হলেও নিরাপদ। এতে পানি ঠান্ডাও থাকে।

  • বাড়ি থেকে ফলের রস করে আনতে পারেন। কিংবা কাজে লাগাতে পারেন রসালো কোনো ফল। পানির চাহিদা মিটবে, মিলবে সতেজতা। আর নানা রকম পুষ্টি উপাদান তো পাবেনই।

  • আরও একটা ব্যাপার খেয়াল রাখা জরুরি। ঘামের সঙ্গে দেহ থেকে প্রয়োজনীয় লবণ আর পানি দুই-ই বেরিয়ে যায়। তাই পানি খেলেই কেবল চলবে না। বেশি ঘাম হলে খানিকটা লবণও প্রয়োজন হবে।

  • তাই পানি বা পানীয়ের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে নেওয়া ভালো। কিংবা চাইলে সঙ্গে ওরস্যালাইনের প্যাকেট রাখতে পারেন। কাজের ফাঁকে আধা লিটার পানির বোতলে গুলিয়ে নিতে পারেন। অথবা রাখতে পারেন ইলেকট্রোলাইট ড্রিংক।

  • যদি বেশ কায়িক শ্রম করতে হয়, তাহলে নিজের জন্য পানীয় তৈরির সময় সামান্য চিনিও মিশিয়ে নিতে পারেন।

গরমে সুস্থ থাকতে বাইরে গেলে ছাতা ও পানি সঙ্গে রাখুন

যেকোনো মানুষের জন্যই সারা দিনে কতটা পানি কিংবা পানীয় গ্রহণ করা প্রয়োজন, তা বোঝাটা জরুরি। তবে পানির নির্দিষ্ট পরিমাণ বলে দেওয়া কঠিন। বরং আপনি স্বাভাবিকভাবে যতটা পানি খান, তা আপনার জন্য যথেষ্ট কি না, সেটি বুঝতে চেষ্টা করুন। প্রস্রাব করার সময় এর রং ও পরিমাণের দিকে খেয়াল রাখুন। খড়ের মতো হালকা রং হলো প্রস্রাবের স্বাভাবিক রং। গাঢ় রঙের প্রস্রাব হলে এবং পরিমাণে কম হলে বুঝতে হবে আপনি পানিশূন্যতায় ভুগছেন। পানি কিংবা তরল খাবার আরেকটু বেশি খেতে হবে। সাদাটে রঙের প্রস্রাব এবং পরিমাণে বেশি হলে পানি খাওয়া কিছুটা কমাতে হবে।

গরমের দিনে ঠান্ডা পানীয় খেতে ইচ্ছা করে কেন

নিজেকে ঠান্ডা রাখুন

  • গরম আবহাওয়াতেও নিজেকে তুলনামূলক ঠান্ডা রাখতে চেষ্টা করুন। কাজের ফাঁকে বিশ্রাম নিন। রোদে টানা কাজ করবেন না। মাঝেমধ্যে ছায়ায় গিয়ে বসতে চেষ্টা করুন।

  • পানি ও ফলমূল খেয়ে নিজেকে ভেতর থেকে ঠান্ডা রাখতে পারবেন। তবে এর বাইরেও আপনার পানি প্রয়োজন হবে। আরও প্রয়োজন হবে বাতাস। সঙ্গে হাতপাখা বা রিচার্জেবল ফ্যান রাখতে পারেন।

  • মাথার ওপর ভেজা রুমাল বিছিয়ে রাখতে পারেন। রুমাল শুকিয়ে গেলে সময়–সুযোগমতো আবার ভিজিয়ে নিন। মাঝেমধ্যে চোখে-মুখে পানি ছিটিয়ে নিন। ওই সময় ভেজা কাপড় দিয়ে মুখ ও শরীর মুছে নিন যতটা সম্ভব।

  • শরীর উষ্ণ হয়ে উঠছে মনে হলে এই কাজগুলো করুন বারবার। পানিও খান বারবার। একটু লম্বা সময় থাকুন ছায়ায়। বগলে, ঘাড়ে ও কুঁচকিতে বরফ চেপে রাখলে শরীর ঠান্ডা হবে দ্রুত।

বুঝেশুনে খাওয়াদাওয়া

  • সারা দিনে কী খাচ্ছেন, সেদিকে খেয়াল রাখাটাও জরুরি। তরমুজ কিংবা বাঙ্গির মতো রসালো ফল গরমের সময়ের জন্য খুব ভালো। বেল, কাঁচা আম, শসা, পেয়ারাও দারুণ।

  • ভাত খাবেন হালকা তরকারি দিয়ে। কম মসলায়, কম তেলে রান্না করা খাবার বেছে নিন। পাতলা ঝোল করে খেতে পারেন মাছ বা সবজি। পাতলা ডাল খেতে পারেন। পাতে রাখতে পারেন আমের টক।

  • সকালে চা বা কফি খেলে সারা দিন আপনার বেশি গরম লাগতে পারে। ভাজাপোড়া বা গুরুপাক খাবার খেলেও বেশ গরম লাগবে। তাই গরমে এ ধরনের খাবার এড়িয়ে চলুন।

গরমে আরাম পেতে যে কাজগুলো প্রতিদিন করবেন

Read full story at source