কক্সবাজারে ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে এক নারী নিহত, আহত ৩
· Prothom Alo

কক্সবাজারের খুরুশকুলের নতুন সেতু–সংলগ্ন এলাকায় ডাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
Visit casino-promo.biz for more information.
নিহত নারীর নাম সানজিদা আকতার (৪০)। তিনি খুরুশকুল প্রকল্প এলাকার কেউড়া ভবনের বাসিন্দা মোহাম্মদ আলীর স্ত্রী। আহত ব্যক্তিরা হলেন ইয়ারু বেগম (৩৮), তাঁর মেয়ে পারুল বেগম (১৪) ও ইজিবাইকের চালক মো. আরাফাত (১৬)। এর মধ্যে ইয়ারু বেগম নিহত সানজিদা আকতারের বড় ভাইয়ের স্ত্রী। আহত তিনজনকেই কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, সানজিদা চিকিৎসার জন্য ভাবি ইয়ারু বেগম ও ভাতিজি পারুলকে সঙ্গে নিয়ে কক্সবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন। ইজিবাইকে করে হাসপাতালের উদ্দেশে রওনা দেন তাঁরা। ইজিবাইকটি নতুন সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইকটি উড়ে গিয়ে অনেক দূরে গিয়ে পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সানজিদার। কোমর ও পা ভেঙে গুরুতর আহত হন ইয়ারু বেগম। ইজিবাইকের চালক আরাফাতের পা ভেঙে গেছে। পারুলের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।
দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, একটি মোটরসাইকেল ধীর গতিতে খুরুশকুলের দিকে এগোচ্ছিল। মোটরসাইকেলটির পেছনে ছিল ডাম্প ট্রাকটি। লেন পরিবর্তন করে দ্রুতগতিতে মোটরসাইকেলটিকে অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা ইজিবাইকটির সঙ্গে ডাম্প ট্রাকটির সংঘর্ষ হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ডাম্প ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন।