১০০ দিনের লক্ষ্য ঠিক করে দলগতভাবে কাজ করার আহ্বান শ্রমমন্ত্রীর

· Prothom Alo

দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের দলগতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘গত এক বছরে কী কী কাজ হয়েছে, সেটা দেখে বুঝতে পারব কী কী ঘাটতি আছে। দেশটা আমাদের। আগামী ১০০ দিনের মধ্যে আমরা কী করব, তার একটি লক্ষ্যমাত্রা তৈরি করতে হবে।’

বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতিমূলক সভায় আরিফুল হক চৌধুরী এ কথাগুলো বলেছেন।

Visit milkshakeslot.lat for more information.

আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমাদের মিশন একটাই—মানুষের প্রত্যাশা বেশি, প্রত্যাশা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আমাদের দলগতভাবে কাজ করতে হবে। মন্ত্রণালয়ের সবাই আমরা একসঙ্গে আন্তরিকতার সঙ্গে কাজ করলে আমরা সফল হব। কাজ করার ক্ষেত্রে যে গাইডলাইন আছে, আমাদের দলের যে ইশতেহার আছে, তা সামনে রাখব আমরা।’

কর্মকর্তাদের উদ্দেশে শ্রমমন্ত্রী বলেন, ‘আপনারা দীর্ঘদিন কাজ করেছেন, আপনাদের অভিজ্ঞতা আছে। কাজের ক্ষেত্রে রুলস অব বিজনেস বা কার্যবিধিমালার বাইরে আমরা যাব না। যেখানে যা প্রয়োজন, তা পরিষ্কারভাবে জানাবেন।’

এ সময় শ্রমমন্ত্রী বলেন, ‘মাহে রমজান আসছে। রমজানের শেষের দিকে ঈদুল ফিতরের পূর্ববর্তী সময়ে যাতে শ্রমঘন শিল্পে বা কলকারখানায় কোথাও কোনো শ্রম অসন্তোষ সৃষ্টি হতে না হতে পারে, সে বিষয়ে আগেই তৎপর থাকতে হবে।’

পরিচিতিমূলক সভায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকও বক্তব্য দেন। তিনি বলেন, ‘প্রথম তিন মাসের একটা কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। আমরা মানুষকে যেন বলতে পারি, তিন মাসে আমরা এই কাজগুলো করেছি।’

প্রতিমন্ত্রী আরও বলেন, এই মন্ত্রণালয়ের ‘সাবেক উপদেষ্টা বেশ কিছু পরামর্শ দিয়ে গেছেন, আমরা ওনার পরামর্শ আমলে নেব’। তিনি যোগ করেন, ‘ঈদের সময় কিছু আন্দোলন হয়, সেটা মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে। কোন জায়গায় বা কোন কোন খাতে (সেক্টরে আন্দোলন) হতে পারে, তা যেন আগেই আমরা সমাধান করতে পারি।’
সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সারোয়ার জাহান ভূঁইয়াসহ মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read full story at source