অক্সফোর্ড স্ট্রিটে খুলছে হ্যারি পটারের বিশাল দোকান

· Prothom Alo

ওয়ার্নার ব্রাদার্স ঘোষণা দিয়েছে, তারা লন্ডনের ব্যস্ততম অক্সফোর্ড স্ট্রিটে প্রায় ২১ হাজার বর্গফুটের একটি হ্যারি পটার ফ্ল্যাগশিপ দোকান খুলতে যাচ্ছে।

প্রতিষ্ঠানটির গ্লোবাল এক্সপেরিয়েন্স বিভাগ জানিয়েছে, দুইতলাবিশিষ্ট দোকানটি হবে ক্রেতাদের জন্য ভিন্ন অভিজ্ঞতা। এখানে হ্যারি পটার সিরিজের সবচেয়ে পরিচিত কিছু জায়গার অনুকরণে সাজানো সেট থাকবে। দর্শনার্থীদের জন্য থাকবে ছবি তোলার বিশেষ সুযোগ।

Visit raccoongame.org for more information.

ওয়ার্নার ব্রাদার্সের বিশ্বব্যাপী খুচরা বিক্রয় বিভাগের কর্মকর্তা কার্ল ডারান্ট বলেন, এই দোকান হ্যারি পটার সিরিজের বিভিন্ন আকর্ষণীয় স্থান ও কেনাকাটার সুযোগের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করবে। তাঁর ভাষায়, এটি ভক্তদের জাদুকরি জগৎকে নতুনভাবে বুঝতে পারার দারুণ সুযোগ এনে দেবে।

নতুন দোকানটি অক্সফোর্ড স্ট্রিট ও টটেমহাম কোর্ট রোডের কোণে হবে। জায়গাটি একটি থিয়েটারের কাছে, যেখানে হ্যারি পটারের স্পিন-অব মঞ্চনাটক হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড এখনো চলছে। নাটকটির দুই অংশের প্রদর্শনী আগামী ২০ সেপ্টেম্বর শেষ হবে এবং ৬ অক্টোবর এক অংশের নতুন সংস্করণ আবার শুরু হবে।

লন্ডনে ইতিমধ্যে কিংস ক্রস স্টেশনে একটি ছোট কিন্তু জনপ্রিয় হ্যারি পটার দোকান আছে। লন্ডনের বাইরে ওয়ার্নার ব্রাদার্স হ্যারি পটার স্টুডিও ট্যুর পরিচালনা করে।

এ ছাড়া বিশ্বজুড়ে ইউনিভার্সাল স্টুডিওজের বিভিন্ন পার্কে মোট ছয়টি হ্যারি পটার থিম-পার্ক রয়েছে। নিউইয়র্ক, শিকাগো ও টোকিও শহরেও ইতিমধ্যে বড় বড় হ্যারি পটার দোকান আছে।

২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত হ্যারি পটার বই সিরিজ বিশ্বজুড়ে ৬০০ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে, আর চলচ্চিত্র সিরিজটি বক্স অফিসে ৭ দশমিক ৭ বিলিয়ন ডলার আয় করে ইতিহাসের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান
গ্রন্থনা: রবিউল কমল

Read full story at source