কুষ্টিয়ায় পীর হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্রজোটের বিক্ষোভ
· Prothom Alo

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পীরের আস্তানায় হামলা চালিয়ে হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্রজোট। একই সঙ্গে তারা ধর্মের নামে মব (উচ্ছৃঙ্খল একদল মানুষের তৈরি বিশৃঙ্খলা) সংস্কৃতি বন্ধের আহ্বান জানান।
Visit asg-reflektory.pl for more information.
শনিবার রাত নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন গণতান্ত্রিক ছাত্রজোটের নেতা-কর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। ১১ এপ্রিল ২০২৬সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু ক্ষমতাসীন বিএনপির উদ্দেশে বলেন, ‘ইন্টেরিমের (অন্তর্বর্তী সরকার) বিরুদ্ধে মানুষ আপনাদের ভোট দিয়ে জিতিয়েছে, দয়া করে ইন্টেরিম ২.০ (টু পয়েন্ট জিরো) হবেন না। পাঁচ বছর থাকতে চাওয়া ইউনূসের মেয়াদকে বাংলাদেশের মানুষ যেভাবে দেড় বছরে সংকুচিত করে ফেলেছে, আপনারা যদি এ কাজ অব্যাহত রাখেন, আপনাদের দিনও ঘনিয়ে আসবে।’
মেঘমল্লার বসু আরও বলেন, ‘বিএনপি সরকারকে একটি কথা খুব স্পষ্ট বলে দিতে চাই, যে আগুন নিয়ে আপনারা খেলছেন, তার ফল ভালো হবে না। আপনারা যদি মনে করেন, বাংলাদেশের লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষ, ধর্মীয় চিন্তার ক্ষেত্রে বৈচিত্র্যের মানুষ বা সাধারণ নিভৃত প্রান্তিক জনগণ আপনাদের শত্রু, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বসবাস করছেন।’
কুষ্টিয়ায় ‘পীর’কে হত্যা: ‘সকালে সিদ্ধান্ত’, দুপুরের পর মিছিল নিয়ে আস্তানায় হামলাবিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, ‘নির্বাচিত সরকারের প্রায় দুই মাস হতে চলল। কিন্তু আমরা যদি আজকে দেশের আইনশৃঙ্খলার অবস্থা দেখি, তাহলে মনে হবে না এ দেশে কোনো নির্বাচিত সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। অন্তর্বর্তী আমলে যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ক্রিয়াশীল ছিল, এখনো একই ধরনের কর্মকাণ্ড রয়ে গেছে।’
বিএনপির উদ্দেশে এই ছাত্রনেতা আরও বলেন, সরকার জনগণের নিরাপত্তা দিচ্ছে না। বরং সামনে লুটপাট ও সন্ত্রাসের ক্ষেত্র প্রস্তুত করছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, দীর্ঘ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তির পর মানুষের চাওয়া ছিল জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে, ভিন্নমতের ওপর দমন-পীড়ন বন্ধ হবে। অথচ অন্তর্বর্তী সরকার সে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বিএনপি সরকারের আমলেও একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এ পুনরাবৃত্তি রুখতে জনগণের ঐক্যবদ্ধতা গড়ে তোলা এবং তা রক্ষা করার কোনো বিকল্প নেই।