প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল ঘরে, গাঁজাসহ চালককে পুলিশে সোপর্দ

· Prothom Alo

ভোরের আলো দেখা দিয়েছে, চারদিকে নিস্তব্ধতা। আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে মেহেরপুরের সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামের একটি বাড়ি। শোবার ঘরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে একটি দ্রুতগতির প্রাইভেট কার। ঘুম ভেঙে আতঙ্কে ছুটে বেড়ান পরিবারের সদস্যরা।

আজ বুধবার ভোর পাঁচটার দিকে মেহেরপুর সদর উপজেলায় এ ঘটনা ঘটে। এতে বাড়ির মালিক আরশাদ আলী গুরুতর আহত হয়েছেন।

Visit catcrossgame.com for more information.

তেরঘরিয়া গ্রামের রাস্তার পাশেই আরশাদ আলীর বাড়ি। স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে ফেরার পথে একটি দ্রুতগতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর বাড়ির ইটের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে দেয়ালচাপা পড়ে আহত হন তিনি।

ধাক্কার পর মাইক্রোবাসটি উল্টে গেলে চালক পালানোর চেষ্টা করেন। শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা গাড়ির ভেতর থেকে প্রায় দেড় কেজি গাঁজা উদ্ধার করেন। এ সময় চালক অনিক হোসেনকে (বিপ্লব) আটক করা হয়। উত্তেজিত জনতা তাঁকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামদাসপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক অনুপ কুমার দাস বলেন, সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে দ্রুতগতিতে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দেড় কেজি গাঁজা, মাইক্রোবাসসহ চালককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ করছে পুলিশ।

Read full story at source