হাওর নিয়ে বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকার

· Prothom Alo

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন, হাওরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকা রক্ষায় দীর্ঘমেয়াদি, টেকসই ও সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। এ নিয়ে নিয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করার আহ্বান জানান তিনি।

আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘হাওরের দুর্যোগ: চাষাভুষার সন্তান’ গ্রন্থের প্রাসঙ্গিকতা ও করণীয় নিয়ে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এ কথা বলেন। নেত্রকোনা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Visit playerbros.org for more information.

স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত হাওরাঞ্চল ঘিরে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে মন্তব্য করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেন, হাওরের মানুষ দেশের খাদ্যনিরাপত্তা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও যুগের পর যুগ অবহেলা ও বৈষম্যের শিকার হয়ে আসছেন। কিন্তু যাঁরা হাওরাঞ্চল নিয়ে কাজ করছেন, তাঁরা কতটুকু করবেন, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। হাওরাঞ্চলের ভুক্তভোগী মানুষদের সঙ্গে আলোচনা ছাড়াই পদক্ষেপ নেওয়া হয়। আমলাতান্ত্রিক জটিলতায় অনেক সময় স্থানীয় সংসদদের সঙ্গেও আলোচনা করার প্রয়োজন অনুভব করেননি সংশ্লিষ্টরা।

কায়সার কামাল বলেন, যখন ক্ষতি হয়, তখনই শুধু হাওর নিয়ে আলোচনা হয়। কিন্তু স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন গবেষণাভিত্তিক পরিকল্পনা ও বাস্তবমুখী উদ্যোগ, যা অনুপস্থিত থাকে।

সেমিনারে অধ্যাপক আনু মুহম্মদ বলেন, অপরিকল্পিত বাঁধ নির্মাণ, ভুল কৃষিনীতি, অপর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা এবং নির্বিচার উন্নয়নের ফলে এই সংকটগুলো তৈরি হয়। হাওরের ফসল রক্ষার জন্য প্রতিবছর বাঁধ নির্মাণে বড় অঙ্কের বরাদ্দ দেওয়া হলেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে বাঁধগুলো স্থায়ী হয় না। সঠিক সময়ে কাজ শেষ না হওয়া এবং নিম্নমানের কাজের ফলে অকাল বন্যায় কৃষকদের বোরো ফসল তলিয়ে যায়। প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় হাওরের নদী খনন করা, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা, স্থানীয় কৃষকদের যুক্ত করে বাঁধ নির্মাণ-সংস্কার, তদারকি করা ও হাওরের বাস্তুতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি গ্রহণ করা জরুরি বলে মনে করেন তিনি।

নেত্রকোনা সাংবাদিক ফোরামের সভাপতি রফিক মুহাম্মদের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন নেত্রকোনার সংসদ সদস্য আনোয়ারুল হক, গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, সাংবাদিক ফারুক আহমেদ তালুকদার, মাসুদ করিম, মুহাম্মদ মোফাজ্জল, রাজন ভট্টাচার্য ও বাহরাম খান প্রমুখ।

Read full story at source